ইংরেজি না শেখার আক্ষেপ মেসির!


বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির মুকুটে পালকের শেষ নেই। ফিফা বর্ষসেরা হোক কিংবা ব্যালন ডি’অর, অসংখ্যবার ট্রফি হাতে বিশ্বের দরবারে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই তার কণ্ঠ থেকে নিঃসৃত হয়েছে কেবল মাতৃভাষা স্প্যানিশ। মাঠের ভেতরে ড্রিবলিংয়ে বিশ্ববাসীকে বারবার মন্ত্রমুগ্ধ করলেও, মাঠের বাইরে সংবাদমাধ্যম কিংবা বড় কোনো অনুষ্ঠানে ইংরেজি বলতে না পারার খামতি তাঁকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে এই না-বলা আক্ষেপের কথা নিজেই প্রকাশ্যে এনেছেন কিংবদন্তি এই ফুটবল তারকা।


আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যখন মেসি যোগ দিয়েছিলেন, তখন পড়াশোনা এবং অনুশীলনের পাশাপাশি ইংরেজি শেখার যথেষ্ট সুযোগ ছিল তাঁর কাছে। কিন্তু সেই বয়সে ভাষার গুরুত্ব না বোঝায় বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন তিনি। আজ ফুটবল বিশ্বের শীর্ষে দাঁড়িয়েও মেসি অনুভব করেন, ইংরেজি না জানাটা তাঁর ব্যক্তিগত জীবনের অন্যতম বড় এক আক্ষেপ। তাঁর ভাষায়, জীবনের এমন অনেক মূহুর্ত এসেছে যেখানে বিশ্বের তাবড় সব ব্যক্তিত্বদের সান্নিধ্য পেলেও শুধু ভাষার প্রতিবন্ধকতার কারণে তিনি নিজেকে গুটিয়ে রাখতে বাধ্য হয়েছেন। অনেক ক্ষেত্রে ঠিকমতো কথোপকথন চালাতে না পারায় অন্যদের কাছে খানিকটা উপেক্ষিত হতে হয়েছে বলেও মনে করেন তিনি।


সেই সময়টাকে হেলায় নষ্ট করার জন্য নিজেকে কিছুটা ‘নির্বোধ’ মনে হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। শৈশবের সেই শিক্ষা থেকেই আজ নিজের সন্তানদের তিনি পড়াশোনা ও ভাষা শিক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দিতে বলেন। মেসি চান না তাঁর সন্তানেরা সেই সুযোগ হারাক যা তিনি ছোটবেলায় হেলায় হারিয়েছিলেন। মাঠের জাদুকর লিওনেল মেসি স্পষ্ট জানিয়েছেন যে, সুযোগ থাকার পরেও প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ না করার মাশুল তাঁকে আজ আক্ষেপের মাধ্যমে দিতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top