ওজিল এলেন ঢাকায়

বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি মেসুত ওজিল এখন ঢাকায়। ২০১৪ সালের বিশ্বকাপ জেতা এই তারকা ফুটবলার বর্তমানে বাংলাদেশ সফর করছেন। আজ বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক বিশেষ কার্যক্রমে অংশ নেন। তুর্কি সরকারের আওতাধীন উন্নয়নমূলক সংস্থা ‘টীকা’-র একটি প্রজেক্টের উদ্বোধন করতেই মূলত তার এই ঝটিকা সফর। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে এই সংস্থাটি, যার প্রতিনিধি হিসেবে ওজিল আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রাজধানীতে পা রাখার পর থেকেই ওজিলকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। তবে তার এই সফরের পেছনে মানবিক উদ্দেশ্যই মুখ্য। ঢাবির কার্যক্রম শেষ করে এই সাবেক জার্মান সুপারস্টার আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি অসহায় রোহিঙ্গাদের মাঝে সময় কাটাবেন এবং আসন্ন রমজান উপলক্ষে আয়োজিত একটি বিশেষ ইফতারে অংশ নেবেন। মানবিক সহায়তার অংশ হিসেবেই তিনি এই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল মঙ্গলবার নীরবে বাংলাদেশে পা রাখা এই ফুটবলারের সফরের ব্যাপ্তি বেশ সংক্ষিপ্ত। রোহিঙ্গা ক্যাম্পে ইফতার ও পরিদর্শন শেষে আগামীকাল রাতেই তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মতো ক্লাবে খেলা এই প্লে-মেকার ফুটবল থেকে অবসরের পর বর্তমানে বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজে বিশ্বজুড়ে সক্রিয় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top