লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। খুব অল্প বয়সে দেশ ছেড়ে স্পেনে পাড়ি জমানো এই মহাতারকার সামনে সুযোগ ছিল স্পেনের জার্সি গায়ে জড়ানোর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন কেন তিনি স্পেনের হয়ে না খেলে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও জন্মভূমির প্রতি সেই অকৃত্রিম ভালোবাসার গল্প শোনালেন ফুটবল জাদুকর।
মিরো দে আত্রাস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি স্মৃতির পাতায় ফিরে যান প্রায় দুই যুগ আগে। তখন তিনি বার্সেলোনার যুব দলে নিজের প্রতিভার জানান দিচ্ছেন। সেই সময়েই স্পেনের বয়সভিত্তিক দলে খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। মেসি জানান, বার্সেলোনায় খেলার কারণে বিষয়টি তখন বেশ স্বাভাবিক ছিল এবং তাকে ইঙ্গিতও দেওয়া হয়েছিল। কিন্তু মনের গহীনে আর্জেন্টিনার প্রতি টান থাকায় তিনি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এই দ্বিধার কারণেই ২০০৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তার খেলা হয়নি। মজার ব্যাপার হলো, ওই আসরেই স্পেন ৩-২ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল, যেখানে মেসির তৎকালীন সতীর্থ সেস ফাব্রেগাস জোড়া গোল করেছিলেন। সেই ম্যাচের পরই মূলত তাকে সরাসরি প্রশ্ন করা হয় কেন তিনি স্পেনের হয়ে খেলছেন না।
মেসি স্পষ্ট করে বলেন, যদিও তিনি জীবনের অনেকটা সময় স্পেনে কাটিয়েছেন এবং সেখানে বেড়ে উঠেছেন, তবুও তিনি মনে-প্রাণে একজন আর্জেন্টাইন। স্পেনের হয়ে খেলার প্রস্তাব থাকলেও তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল আকাশী-সাদা জার্সি গায়ে তোলা। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থেকে ২০০৪ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপরের ইতিহাস সবার জানা। দীর্ঘ অপেক্ষার পর কোপা আমেরিকা, ফিনালিস্সিমা এবং ২০২২ সালে পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফি জয় করে দেশের ফুটবল রাঙিয়েছেন তিনি। আগামী মাসে ফিনালিস্সিমায় সেই স্পেনের বিপক্ষেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।
