ব্রাজিলের ফুটবল ক্লাব সান্তোসে এখন বইছে দারুণ এক প্রত্যাশার হাওয়া। ২০২৬ মৌসুমের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাবটি এখন তাদের সবচেয়ে বড় তারকার প্রত্যাবর্তনের ক্ষণ গুনছে।
গত ২২ ডিসেম্বর বাম হাঁটুতে অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন দলের মধ্যমণি নেইমার জুনিয়র। দলের প্রাণভোমরাকে আবারও মাঠে ফেরাতে উন্মুখ হয়ে আছেন কোচ হুয়ান পাবলো ভোইভোদা। সব ঠিক থাকলে আজ বুধবার রাতে সাও পাওলোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কয়েক মিনিটের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে ‘প্রিন্স অফ ভিলা’কে।
ভিলা বেলমিরোয় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি সান্তোসের জন্য কেবল ফুটবল লড়াই নয় বরং সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। গত ৩১ জানুয়ারি থেকে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন শুরু করেছেন নেইমার। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো এই ফরোয়ার্ডের উপস্থিতি দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
তবে চিকিৎসকদের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে গত দুই বছরের ইনজুরি প্রবণতা কাটিয়ে নেইমার দীর্ঘ মেয়াদে সুস্থ থাকতে পারেন। ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও বিশেষ নজর রাখছেন এই তারকার ওপর। ফলে নেইমারের এবারের ফেরার গুরুত্ব আরও বেশি।
কোচ হুয়ান পাবলো ভোইভোদা অবশ্য তাড়াহুড়ো করতে নারাজ। তিনি বারবারই জোর দিচ্ছেন খেলোয়াড়ের দীর্ঘমেয়াদী সুস্থতার ওপর। ফিজিও বিভাগের পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে নেইমারকে মূল খেলার ধারায় ফিরিয়ে আনতে চান তিনি।
