মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখন ভিন্নরকম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার শূন্যতা কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ টুর্নামেন্টের আয়োজন ঘিরেই এখন ব্যস্ত সময় পার করছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
আজ রবিবার অনুশীলনের ফাঁকে মাঠের চেনা আবহে যোগ হয় খানিকটা ভিন্নমাত্রা। ব্যাট-বল ছেড়ে ক্রিকেটারদের ফুটবল নিয়ে মেতে উঠতে দেখা যায়। গা গরম করার এই ফুটবল খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রীতিমতো রসিকতায় মেতেছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।
নিজের ভেরিফায়েড পেজ থেকে ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, তিনি ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ দল সেখানে অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমতাবস্থায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের মধ্যে রাখতে বিসিবি তড়িঘড়ি করে এই ঘরোয়া টুর্নামেন্টের ঘোষণা দেয়। তিন দলের এই জমজমাট আসরে ধুমকেতু একাদশের হয়ে টস করতে নামবেন লিটন কুমার দাস। অন্যদিকে দুর্বার একাদশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির কাঁধে থাকছে দুরন্ত একাদশের দায়িত্ব। ক্রিকেটারদের উৎসাহিত করতে এই টুর্নামেন্টে আড়াই কোটি টাকার বিশাল অঙ্কের পারিশ্রমিক ও পুরস্কারের ঘোষণা করেছে বোর্ড।
পুরো টুর্নামেন্টটি আয়োজিত হবে ঢাকার হোম অফ ক্রিকেটে। সূচি অনুযায়ী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের লড়াই শেষে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ট্রফির চূড়ান্ত লড়াই। বিসিবি কেবল মাঠের লড়াই নয়, দর্শকদের গ্যালারিমুখী করতেও নিয়েছে বিশেষ উদ্যোগ। প্রতিটি ম্যাচ শুরুর আগে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল ৪টা থেকে বিনোদনমূলক এই পরিবেশনা শুরু হবে এবং ঠিক সন্ধ্যা ৬টায় মাঠের লড়াইয়ে নামবেন ক্রিকেটাররা।
সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আক্ষেপ ভুলে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক ভিন্নধর্মী ক্রিকেট উৎসব উপহার দিতে প্রস্তুত মিরপুর।
