বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এবার ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে আইসিসি সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত এই বড় আসর থেকে ছিটকে যেতে হয়েছে টাইগারদের। এই পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের ফর্ম ধরে রাখা এবং ভক্তদের হতাশা কাটাতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি।

ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে যখন বিশ্বকাপ চলবে, ঠিক সেই সময়েই বাংলাদেশে বসছে চার দলের একটি বিশেষ ওয়ানডে টুর্নামেন্ট।

মূলত নিরাপত্তার কারণে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষতি পুষিয়ে দিতে এবং মার্চে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের ভাবনা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি কর্মকর্তাদের আলোচনায় টুর্নামেন্টটি আয়োজনের সবুজ সংকেত মিলেছে। জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. মাহবুব-উল-আলম নিশ্চিত করেছেন, খুব দ্রুতই এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ঘরোয়া ক্রিকেটের আগের সূচিতে এই সময়ে বিসিএল বা প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের কথা থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির খাতিরে বিসিবি এখন সাদা বলের ক্রিকেটকেই অগ্রাধিকার দিচ্ছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, টুর্নামেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে কয়েক দিনের মধ্যেই বিস্তারিত সূচি চূড়ান্ত করা হবে। এই টুর্নামেন্টে জাতীয় দলের নিয়মিত সদস্যদের পাশাপাশি ঘরোয়া লিগের পারফর্মারদেরও সুযোগ দেওয়া হবে। খেলোয়াড়দের জন্য বোর্ড আকর্ষণীয় আর্থিক সুযোগ-সুবিধাও রাখছে। মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মার্চে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে এই চার দলের টুর্নামেন্টটি এখন দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বিনোদনের মূল উৎস হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top