বিশ্বকাপ ফাইনাল নিয়ে নেইমার-ইয়ামালের রোমাঞ্চকর ‘চুক্তি’

ফুটবল বিশ্বের বর্তমান ও আগামীর দুই নক্ষত্রের মধ্যে দারুণ সখ্য গড়ে উঠেছে। নেইমারের প্রতি নিজের ভালো লাগার কথা বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল আগেও বহুবার প্রকাশ্যে জানিয়েছেন। তবে এবার সেই সখ্য গড়িয়েছে এক মজার চুক্তিতে। আসন্ন ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমারের সঙ্গে অভিনব সমঝোতায় পৌঁছেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ইয়ামাল জানিয়েছেন, আগামী বিশ্বকাপে যদি স্পেন এবং ব্রাজিল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়, তবে মাঠের লড়াই শেষে তারা দুজন একসঙ্গে ছুটি কাটাতে যাবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল এই পরিকল্পনার কথা ফাঁস করেন। গত মৌসুমের বিরতিতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে দেখা করেছিলেন ইয়ামাল, মূলত তখনই তাদের মধ্যে এই বন্ধুত্বের রসায়ন আরও দৃঢ় হয়।

ইয়ামালের ভাষ্যমতে, নেইমারের সঙ্গে তার চুক্তি হয়েছে যে ফাইনালের ফলাফল যা-ই হোক না কেন, শিরোপা লড়াই শেষে তারা ফুটবলের ব্যস্ততা ভুলে অবকাশ যাপনে বের হবেন। এর পাশাপাশি নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশ্বকাপে গোল করার পর বিশেষ এক উদযাপনের প্রস্তুতিও রাখছেন এই কিশোর বিস্ময়।

আসন্ন বিশ্বকাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে ভাবা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার, যেখানে ইয়ামাল হতে পারেন দলটির প্রধান প্রাণভোমরা। অন্যদিকে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বারবার চোটের সঙ্গে লড়াই করা এই তারকাকে নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা থাকলেও ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন দুই প্রজন্মের এই দুই তারকার মাঠের লড়াই দেখতে। এখন দেখার বিষয়, উত্তর আমেরিকার মাটিতে এই দুই বন্ধুর রোমাঞ্চকর চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top