২০২৬ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয়ে গেছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ ‘জে’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। আলবিসেলেস্তেরা এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানকে।
ফুটবল বিশ্বের নজর এখন লিওনেল মেসির ওপর। কারণ, ৩৯ বছর বয়সে পা দিতে যাওয়া এই কিংবদন্তি সম্ভবত ক্যারিয়ারের শেষবারের মতো বিশ্বমঞ্চে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা জেতা আর্জেন্টিনা এবারও ফেভারিট হিসেবে মাঠে নামবে।
আর্জেন্টিনা মেসির পাশাপাশি ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস, অ্যাতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ এবং চেলসির এনসো ফের্নান্দেসের মতো তারকারা রয়েছেন। এছাড়া তরুণ প্রতিভাদের মধ্যে বিশেষভাবে আলোচনায় আছেন নিকো পাজ।
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচ কানসাস সিটি বা সান্তা ক্লারার যেকোনো একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২২ জুন দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন লড়বে জর্ডানের বিপক্ষে।
এবারের টুর্নামেন্টটি উত্তর আমেরিকার তিনটি দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
