২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ছয় মাসেরও কম সময়। ঠিক এই মুহূর্তে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লিওনেল স্কালোনির দল নির্বাচন। কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী যে দলটির ওপর ভিত্তি করে আর্জেন্টিনা সাফল্যের চূড়ায় পৌঁছেছিল, আসন্ন বিশ্বকাপে সেই চেনা স্কোয়াডে দেখা যেতে পারে বড় ধরনের পরিবর্তন। চোট, ফর্মহীনতা এবং তরুণদের উত্থানে কাতার মিশনের বেশ কয়েকজন অভিজ্ঞ সদস্যের কপাল পুড়তে পারে বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সবসময় দলের ধারাবাহিকতা এবং ভারসাম্যের ওপর জোর দিলেও বর্তমানে তিনি বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি। বিশেষ করে মাঝমাঠের অন্যতম ভরসা জিওভানি লো সেলসোর বারবার চোট পাওয়া তাকে বড় দুশ্চিন্তায় ফেলেছে। সাম্প্রতিক মাসল ইনজুরির কারণে ফাইনালিসিমার আগে তিনি ছিটকে যাওয়ায় বিশ্বকাপের মূল স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়ে এখন ঘোর সংশয় তৈরি হয়েছে। একই অবস্থা রক্ষণভাগের হুয়ান ফয়েথেরও। অ্যাকিলিস টেন্ডনের ইনজুরি কাটিয়ে তিনি কবে নাগাদ পূর্ণ ছন্দে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। দলের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে তার মতো বহুমুখী প্রতিভার ডিফেন্ডারকেও হয়তো দর্শক হয়েই বিশ্বকাপ দেখতে হতে পারে।
এদিকে লেফট ব্যাক পজিশনে মার্কোস আকুনিয়ার ফিটনেস এখন টিম ম্যানেজমেন্টের আতশিকাঁচের নিচে। অভিজ্ঞতা আর চ্যাম্পিয়ন তকমা থাকলেও চোটের কারণে মাঠে তার অনিয়মিত উপস্থিতি স্কালোনির পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে নিকোলাস তাগলিয়াফিকোর ক্ষেত্রে। গত কোপা আমেরিকার পর থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি, যা তাকে রক্ষণভাগে স্কালোনির অন্যতম নির্ভরযোগ্য সেনানি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে আক্রমণভাগে পাওলো দিবালা এবং আনহেল কোরেয়ার মতো তারকাদের ভবিষ্যৎও এখন সুতোয় ঝুলছে। প্রতিভা থাকলেও ট্যাকটিক্যাল লড়াই আর দলের গভীরতার কারণে তারা নিজেদের জায়গা স্থায়ী করতে রীতিমতো লড়াই করছেন।
পুরানোদের এই অনিশ্চয়তার মাঝে আর্জেন্টিনার নতুন প্রজন্ম কিন্তু দাপটের সাথেই কড়া নাড়ছে জাতীয় দলের দরজায়। নিকোলাস পাজ, জুলিয়ানো সিমিওনে, ভালেন্তিন বার্কো কিংবা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর মতো তরুণ তুর্কিরা দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে স্কালোনির নজর কেড়েছেন। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এই লড়াই শেষ পর্যন্ত কাকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা স্পষ্ট যে, মেসিবাহিনীর শিরোপা ধরে রাখার মিশনে এবার অনেক চেনা মুখকে ছাড়াই মাঠে নামতে হতে পারে আলবিসেলেস্তেদের।
