বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি সভাপতিকে জড়িয়ে ফিক্সিং সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বোর্ড জানিয়েছে, এই অপপ্রচার রুখতে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতিমধ্যে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসির সাবেক দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান ও বর্তমান বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট অ্যালেক্স মার্শাল আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করছেন বলে যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। স্বয়ং অ্যালেক্স মার্শাল এক লিখিত বক্তব্যে জানিয়েছেন, বিসিবি সভাপতির ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্তের বিষয়টি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। মূলত বিসিবি সভাপতির ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা এবং দেশের ক্রিকেটের ভাবমূর্তি বিশ্বদরবারে নষ্ট করার উদ্দেশ্যেই একটি মহল সুপরিকল্পিতভাবে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মনে করছে বোর্ড।
এ ধরনের অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করে বিসিবি হুঁশিয়ারি দিয়েছে যে, ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা কর্মকর্তাদের নিয়ে কুৎসা রটানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় বিসিবির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব পেজ এবং আইডি থেকে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা রক্ষায় তারা কোনো আপস করবে না।
বিডি প্রতিদিন/নাজমুল
