ফুটবল বিশ্বের আকাশে কি তবে বিদায়ের সুর? নাকি নতুন কোনো মহানাটকের মহড়া চলছে পর্দার আড়ালে? এই প্রশ্নই এখন কোটি কোটি ফুটবল ভক্তের মনে। ইনজুরি আর ফর্মের সাথে লড়তে থাকা ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র এবার নিজেই দিলেন অবসরের ইঙ্গিত। ২০২৬ বিশ্বকাপের পরপরই ফুটবলকে চিরতরে বিদায় জানাতে পারেন এই সাম্বা জাদুকর। নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেও খুব একটা স্বস্তিতে নেই তিনি। শরীর আর সায় দিচ্ছে না, একের পর এক অস্ত্রোপচার আর পুনর্বাসনের ক্লান্তি এবার গ্রাস করেছে তাকে। নেইমার নিজেই স্বীকার করেছেন, আগামী ডিসেম্বর মাসটি হতে পারে তার ক্যারিয়ারের জন্য এক চূড়ান্ত সন্ধিক্ষণ। তবে এর মাঝেই দানা বাঁধছে এক রোমাঞ্চকর সম্ভাবনা।
বিশ্বকাপ জয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা ক্লেবারসন এক বিস্ফোরক দাবি করে বসেছেন। তার মতে, নেইমার এখনই ফুরিয়ে যাননি। ব্রাজিলের অতিরিক্ত চাপ থেকে বাঁচতে এবং ফুটবলকে নতুনভাবে উপভোগ করতে নেইমার পাড়ি জমাতে পারেন মার্কিন মুলুকে। ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সাথে সেই পুরনো ‘MSN’ ত্রয়ীকে আবারও দেখার স্বপ্ন উসকে দিয়েছেন তিনি। ডেভিড বেকহ্যামের মায়ামি যেন এখন ফুটবলের এক স্বর্গরাজ্য, যেখানে বার্সেলোনার হারানো দিনগুলো আবার ফিরে আসছে। ফুটবল প্রেমীরা এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন, নেইমার কি নিজের শরীরকে হার মানিয়ে মেসির সাথে সেই রাজকীয় পুনর্মিলনে অংশ নেবেন, নাকি ২০২৬ সালের সেই বিষাদময় ডিসেম্বরেই বুট জোড়া তুলে রেখে ফুটবলকে বলবেন বিদায়!
