হেক্সা মিশনে ব্রাজিল, নেইমার দলে জায়গা পাবেন তো?

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র চার মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-কে সামনে রেখে হেক্সা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা এখন তাদের চূড়ান্ত রূপরেখা গোছাতে ব্যস্ত। গত সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের এক অনুষ্ঠানে ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন, ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে দল গঠনের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে যে, আনচেলত্তির পছন্দের তালিকায় ১১ জন খেলোয়াড় ইতোমধ্যেই তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছেন।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী মে মাসে যে চূড়ান্ত দল ঘোষণা করা হবে, সেখানে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের নাম থাকা এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। গোলপোস্টের নিচে অ্যালিসন বেকারের ওপর আস্থা রাখছেন কোচ। রক্ষণভাগে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস তাদের জায়গা প্রায় পাকা করে নিয়েছেন। মাঝমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সাথে থাকছেন ব্রুনো গিমারায়েস। তবে সবচেয়ে শক্তিশালী রূপ দেখা যাচ্ছে আক্রমণভাগে, যেখানে ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনিয়া, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জায়গা এক প্রকার নিশ্চিত। চোট বা বড় কোনো অঘটন না ঘটলে এই ১১ জনকেই দেখা যাবে ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠ মাতাতে।

বাকি ১৫টি পজিশনের জন্য বর্তমানে ফুটবলারদের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। কোচ আনচেলত্তি স্কোয়াডকে এমনভাবে সাজাচ্ছেন যেখানে প্রতিটি পজিশনে বিকল্প খেলোয়াড় প্রস্তুত থাকে। গোলকিপার হিসেবে অ্যালিসনের ব্যাকআপ হিসেবে বেন্তো বা হুগো সুজার নাম শোনা যাচ্ছে। ডিফেন্সে এদার মিলিতাওয়ের ফিটনেস এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। লেফটব্যাক পজিশনে অ্যালেক্স সান্দ্রো কোচের প্রথম পছন্দ হলেও ডগলাস সান্তোস ও কাইও হেনরিকের পারফরম্যান্স তাকে নতুন করে ভাবাচ্ছে। সেন্টারব্যাক পজিশনে বাম পায়ের ডিফেন্ডার হিসেবে ফ্লামেঙ্গোর লেও পেরেইরাকে নজরে রাখছেন কোচ। অন্যদিকে ৯ নম্বর পজিশনের জন্য ম্যাথেউস কুনিয়ার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন গ্যাব্রিয়েল জেসুস, এন্দ্রিক ও জোয়াও পেদ্রোরা।

তবে সব আলোচনা ছাপিয়ে ফুটবল পাড়ায় এখন বড় প্রশ্ন, নেইমার কি থাকছেন? ৩৪ বছর বয়সী এই তারকা চোট কাটিয়ে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হলে তাকে অবশ্যই শতভাগ ফিট হতে হবে। ফুটবল বিশ্লেষকদের মতে, নেইমার দলে থাকা মানেই ব্রাজিলের হেক্সা জয়ের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাওয়া। এখন দেখার বিষয়, বিশ্ব ফুটবলের এই ‘রাজপুত্র’ সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে ফিট করে তুলে আনচেলত্তির চূড়ান্ত তালিকায় নাম লেখাতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top