পুরো ফুটবল বিশ্ব এখন একটা প্রশ্নই বারবার আওড়াচ্ছে আগামী বিশ্বকাপে কি দেখা যাবে নেইমার জুনিয়রকে? সেই প্রতীক্ষার প্রহর বুঝি এবার শেষ হতে চলেছে। উত্তর আমেরিকার আসরকে সামনে রেখে ব্রাজিলিয়ান এই মহাতারকাকে নিয়ে পাওয়া যাচ্ছে এক দারুণ ইতিবাচক সংকেত। জানা গেছে, আগামী মার্চের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তির করা প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন নেইমার। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের এই প্রাথমিক দলে নেইমারের নাম থাকাটা তার ভক্তদের জন্য যেন এক পশলা স্বস্তির বৃষ্টি। তবে এই তালিকায় থাকাই শেষ কথা নয়; চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হলে তাকে এখনো প্রমাণ করতে হবে নিজের শারীরিক সক্ষমতা।
ব্রাজিলের এই ফুটবল জাদুকর বর্তমানে ঘরের মাঠ সান্তোসে খেলছেন। আল হিলালের সেই দুঃস্বপ্নের অধ্যায় পেছনে ফেলে শৈশবের ক্লাবে ফিরে তিনি যেন নতুন করে নিজেকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেছেন। যদিও ইনজুরি এখনো তার পিছু ছাড়েনি, বিশেষ করে বাম হাঁটুর সেই পুরোনো চোট মাঝেমধ্যেই তাকে ভোগাচ্ছে। তবে মাঠের বাইরে থেকেও নেইমারের প্রভাব যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ কোচের সাম্প্রতিক মন্তব্য। আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পেতে হলে খেলোয়াড়কে শতভাগ ফিট হতে হবে। ভিনিসিউসের মতো তুখোড় ফর্মে থাকা তারকাকেও যেখানে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, সেখানে নেইমারের জন্য পথটা খুব একটা মসৃণ নয়।
তবুও নেইমারের ফিরে আসার প্রয়োজনীয়তা এখন ব্রাজিলের জন্য আগের চেয়ে অনেক বেশি। বিশেষ করে রদ্রিগোর সাম্প্রতিক ইনজুরি আনচেলত্তির আক্রমণভাগকে কিছুটা হলেও দুর্বল করে দিয়েছে। এই শূন্যতা পূরণে নেইমারের চেয়ে অভিজ্ঞ আর বড় নাম এই মুহূর্তে ব্রাজিলের হাতে নেই। পেলেকে টপকে দেশের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করা এই ফরোয়ার্ডের জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে এক শেষ সুযোগ। ২০১৪-র সেই কান্না, ১৮-র হতাশা আর ২২-এর ট্র্যাজেডি ভুলে নেইমার কি পারবেন ২০২৬-এ ব্রাজিলের ষষ্ঠ শিরোপার স্বপ্ন পূরণ করতে? উত্তরটা হয়তো তোলা আছে সময়ের কাছে, কিন্তু প্রাথমিক দলে তার এই ফেরা সেই মহাকাব্যেরই যেন এক ছোট্ট ভূমিকা।
বিডি প্রতিদিন/নাজমুল
