আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে চলমান অস্থিরতা ও রাজনৈতিক টানাপড়েন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলীয় লোকসভা সদস্য শশী থারুর।
মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বিতর্ক যেভাবে ডালপালা মেলছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন তিনি। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণার প্রেক্ষাপটে থারুর দ্রুত এই সমস্যার সমাধানের আহ্বান জানান।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পর্দা উঠবে দশম আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
আইসিসি কর্তৃক বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল পাকিস্তান জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না। এই উত্তাল পরিস্থিতির সূত্রপাত মূলত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে বলে মনে করেন শশী থারুর।
সম্প্রতি ভারতের সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে অব্যাহতি দিয়েছিল বিসিসিআই। এই ঘটনার তীব্র সমালোচনা করে থারুর বলেন, খেলাধুলাকে রাজনৈতিক রূপ দেওয়া অত্যন্ত লজ্জাজনক। মুস্তাফিজকে আইপিএল চুক্তি থেকে বঞ্চিত করা একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত ছিল এবং সেখান থেকেই বর্তমান সংকটের বীজ বপন করা হয়েছে।
মোস্তাফিজের নিরাপত্তার বিষয়ে বিসিবির উদ্বেগ এবং পরবর্তীতে ভেন্যু বদলানোর অনুরোধ আইসিসি আমলে না নিয়ে উল্টো বাংলাদেশকে আসর থেকে বাদ দেওয়ায় ক্ষোভ বাড়ছে ক্রিকেট মহলে। পিসিবিও আইসিসির এই দ্বিমুখী আচরণের সমালোচনা করে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। থারুর মনে করেন, পাকিস্তানের এই অবস্থান মূলত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশেরই একটি অংশ।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে আইসিসিকে অভিভাবকের ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন এই অভিজ্ঞ রাজনীতিক। তিনি জানান, খেলাধুলা হওয়া উচিত মানুষের মিলনের জায়গা, বিভাজনের নয়। সংশ্লিষ্ট সব পক্ষকে এক টেবিলে বসে এই ‘অর্থহীন লড়াই’ বন্ধ করার জন্য তাগিদ দিয়েছেন তিনি। থারুরের মতে, এখনই লাগাম না টানলে ক্রিকেটের এই বৈশ্বিক আসর বড় ধরনের সংকটের মুখে পড়বে।
