চ্যাম্পিয়নস লিগের মঞ্চে গোলের লড়াইটা সব সময়ই ফুটবল ভক্তদের কাছে দারুণ উত্তেজনার। প্রিয় ফুটবলারকে সবাই-ই স্কোর শিটের শীর্ষে দেখতে চায়। তবে সেরাদের সেরা হওয়া সহজ নয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ছুঁতে হয় চূড়া।
ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউএসএল)। এই টুর্নামেন্টের ইতিহাসে স সেরা গোলদাতার সিংহাসনটি এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলা এই পর্তুগিজ তারকা ১৪০ গোল করে তালিকার শীর্ষে অবস্থান করছেন। তবে খুব বেশি পিছিয়ে নেই আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনা এবং পিএসজির হয়ে ১২৯ গোল করে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকাই প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের শত গোলের মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব দেখিয়েছেন।
সম্প্রতি এই এলিট ক্লাবে যুক্ত হয়েছে নতুন নাম রবার্ট লেভানডভস্কি। বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা এই পোলিশ স্ট্রাইকার নিজের গোলসংখ্যাকে নিয়ে গেছেন একশ’র ওপরে, যার ফলে তিনি এখন এককভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া নব্বই গোল নিয়ে করিম বেনজেমা চতুর্থ এবং ৭১ গোল নিয়ে রাউল গনজালেস রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। বর্তমান সময়ের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ডও দ্রুত গতিতে এগিয়ে আসছেন। বিশেষ করে হালান্ড এবং এমবাপের গোল করার যে হার, তাতে ভবিষ্যতের তালিকায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের অনন্য রেকর্ডটি এখনো লিওনেল মেসির দখলে। বার্সেলোনার হয়ে তিনি অবিশ্বাস্য ১২০টি গোল করেছেন। যা আর কোনো খেলোয়াড় একটি ক্লাবের জার্সিতে করতে পারেননি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন ১০৫ গোল। আধুনিক চ্যাম্পিয়নস লিগের ফরম্যাটে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গোলদাতাদের জন্য রেকর্ড গড়া সহজ হলেও গোলের গড়ে এখনো সবার উপরে আলফ্রেডো ডি স্টেফানো।
ইউরোপিয়ান কাপের সেই দিনগুলোতে তিনি যে দক্ষতা দেখিয়েছিলেন, বর্তমানের অনেক বড় তারকাও গোলের হারের দিক থেকে তাকে ছাড়িয়ে যেতে পারেননি। তবুও রোনালদো-মেসিদের এই দ্বৈরথ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
