লেস্টার সিটির হয়ে মাঠে নেমে বড়সড় ধাক্কা খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে।
দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে হারিয়ে লেস্টার সিটি যেমন বিপাকে, তেমনি দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কপালে।
কারণ আগামী মার্চ মাসেই জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন যার কারণে তাকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হতে পারে। তবে আশার কথা হলো তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না।
লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং শুরুতেই জানিয়েছিলেন যে হামজার চোট বেশ গুরুতর এবং তাকে দ্রুত মাঠে পাওয়ার সম্ভাবনা কম। তবে বাফুফে এখনই হাল ছাড়তে নারাজ। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন যে, সুস্থ হওয়ার সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে মার্চের ম্যাচের আগেই হামজা পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
বাফুফে নিয়মিতভাবে ফুটবলারের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এবং তার আগে ভিয়েতনামের সাথে সম্ভাব্য প্রীতি ম্যাচে হামজার উপস্থিতি বাংলাদেশের শক্তির বড় জায়গা। যদিও বাছাইপর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে, তবুও হামজার মতো একজন বিশ্বমানের ফুটবলারকে দলে পাওয়া জাতীয় দলের আত্মবিশ্বাস ও পারফরম্যান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
