সান্তোস ফুটবল ক্লাব নিজেদের প্রাণভোমরা নেইমার জুনিয়রের চোট থেকে ফেরা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। গত বছরের ডিসেম্বরে বাম হাঁটুর মিনিসকাসে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই ব্রাজিলিয়ান তারকা।
সম্প্রতি সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোজভোদা নেইমারের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও স্পষ্ট করে জানিয়েছেন, তাকে মাঠে ফেরাতে তারা তাড়াহুড়ো করবেন না। গত বৃহস্পতিবার নেইমার ৩৪ বছরে পা দিয়েছেন এবং চলতি সপ্তাহেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
ক্যাম্পিওনাতো পলিস্তায় ক্লাব নরওয়েস্তের বিপক্ষে রবিবারের ম্যাচে নেইমারের মাঠে নামার গুঞ্জন থাকলেও কোচ ভোজভোদা সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, নেইমারের মতো একজন খেলোয়াড়ের সামনে বিশ্বকাপের মতো বড় লক্ষ্য রয়েছে, তার শতভাগ ফিট হয়েই মাঠে নামা উচিত। ভোজভোদার মতে, নেইমার একজন রক্ত-মাংসের মানুষ এবং দলের জন্য তার প্রয়োজনীয়তা অপরিসীম হলেও তার সুস্থতা সবার আগে। তিনি মাঠে ফিরে যেন নিজের সেরা ছন্দে ফুটবল উপভোগ করতে পারেন, ক্লাব সেই পরিবেশ নিশ্চিত করতে চায়।
ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে চোটের কারণে সেলেসাওদের হয়ে মাঠে নামতে পারেননি। তবে গত মৌসুমে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বর্তমানে ক্লাব এবং জাতীয় দল উভয় ক্ষেত্রেই তার ফিরে আসা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নেইমার নিজেও ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য জানপ্রাণ দিয়ে লড়ছেন এবং কঠোর পরিশ্রম করছেন বলে কোচ নিশ্চিত করেছেন।
এদিকে সান্তোসের আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা ওরফে গ্যাবিগোল নেইমারকে নিয়ে ভক্তদের প্রত্যাশার চাপ কমাতে চেয়েছেন। তার মতে, নেইমারকে এককভাবে দলের ত্রাণকর্তা হিসেবে দেখা উচিত নয়। তিনি মনে করেন, নেইমার দলের অধিনায়ক এবং একজন আদর্শ নেতা হিসেবে অনেক বড় ভূমিকা রাখেন ঠিকই, তবে দলের অন্য সদস্যদের দায়িত্ব তাকে এমনভাবে সাহায্য করা যেন তিনি বিনা চাপে নিজের খেলা খেলতে পারেন। নেইমার শান্তভাবে এবং পূর্ণ শক্তিতে ফিরে আসুক, এটাই এখন সান্তোস ও ব্রাজিল ফুটবল ভক্তদের একমাত্র প্রার্থনা।
