২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই আসরে মূলত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা করে নিয়েছে টাইগাররা।
ভারত ও শ্রীলঙ্কায় চলমান চলতি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না থাকায় বাংলাদেশের খেলা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে আইসিসির সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই শঙ্কার অবসান ঘটেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো পরবর্তী আসরে সরাসরি খেলার সুযোগ পায়। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডসহ আটটি দল ইতিমধ্যে তাদের জায়গা নিশ্চিত করেছে। এর বাইরে আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টিকিট আগে থেকেই নিশ্চিত ছিল। বাকি তিনটি স্থান পূর্ণ করা হয় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমানে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশসহ আফগানিস্তান ও আয়ারল্যান্ড সেই তালিকার শীর্ষে থাকায় তাদের অংশগ্রহণ এখন আনুষ্ঠানিক। আগামী ৯ মার্চ র্যাঙ্কিংয়ের চূড়ান্ত হিসাব হওয়ার কথা থাকলেও সেই সময়ের মধ্যে বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাংলাদেশের অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে কোনো বাছাইপর্ব ছাড়াই ২০২৮ সালের বিশ্বমঞ্চে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
