অস্ট্রেলিয়ায় ইতিহাসের হাতছানি, সিডনিতে বাঘিনীরা

ঐতিহাসিক এক সফরের সূচনা করে এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ শেষে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় আফঈদা-রুপনাদের বহনকারী বিমানটি সিডনি বিমানবন্দরে অবতরণ করে। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল আসরে অংশ নিতে যাওয়া বাঘিনীদের বরণ করে নিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ার পথে উড়াল দেয় পিটার বাটলারের শিষ্যরা।

টুর্নামেন্টের কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাতে বেশ কিছুটা সময় রেখেই অস্ট্রেলিয়া পৌঁছেছে দল। আসর শুরুর ১৩ দিন আগেই দেশটিতে পাড়ি জমানো বাংলাদেশ দল সিডনির ভ্যালেনন্টাইন স্পোর্টসে সাত দিনের একটি নিবিড় প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে। এই ক্যাম্প চলাকালীন নিজেদের ঝালিয়ে নিতে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে সাবিনাদের। এরপর আগামী ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত মূল হোটেলে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা।

গত বছরের জুলাইয়ে বাছাইপর্বের বাধা ডিঙিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সে সময় বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেন আফঈদারা। এবার মূল মঞ্চে তাদের অগ্নিপরীক্ষার পালা। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।

গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলোও বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ মার্চ পার্থে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। দীর্ঘ এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে শনিবার থেকেই সিডনিতে পুরোদমে অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top