বিশ্বকাপের মহারণ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের সুসংবাদ পেলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় তার দারুণ অগ্রগতি হয়েছে, যা আসন্ন বৈশ্বিক আসরে তার মাঠে নামার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে। গত মাসে সান্তোসের হয়ে খেলার সময় চোটের কবলে পড়েছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। পরে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার গ্রেড-টু মাসল টিয়ার ধরা পড়ে। মাংসপেশির এই চোটে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়, যার কারণে বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ দুটি প্রস্তুতি ম্যাচেও তিনি অংশ নিতে পারেননি। আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে, তবে চোটের কারণে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।
এরই মধ্যে সোমবার নেইমারের চোটের সর্বশেষ অবস্থা জানতে আবারও পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং সেখান থেকেই আসে কাঙ্ক্ষিত ইতিবাচক খবর। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল স্টাফদের প্রত্যাশা অনুযায়ী নেইমারের শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। চিকিৎসকদের পূর্বপরিকল্পনা অনুযায়ী বর্তমানে তার পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতি পর্বের প্রক্রিয়া সচল থাকবে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফুটবলারকে। এরপর থেকে এখন পর্যন্ত সেলেসাওদের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাননি তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে এই বিশ্বকাপ দিয়েই আবারও জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে ব্রাজিলের ইতিহাসের সফলতম এই গোলদাতার। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলছেন। এবার তার সামনে চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে আলো ছড়ানোর হাতছানি।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হিসেবে খেলবে স্কটল্যান্ড ও হাইতি।
