বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা ফুটবলে অস্থিরতা

আর্জেন্টাইন ফুটবলের শীর্ষ কর্মকর্তা ক্লদিও তাপিয়ার ওপর বড় ধরনের আইনি খড়গ নেমে এসেছে। সামাজিক নিরাপত্তা অবদানের অর্থ তছরুপের অভিযোগে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বুয়েনস আইরেসের একটি আদালত। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা গেছে, বিচারক ডিয়েগো আমারান্তে ক্লদিও তাপিয়াসহ এএফএ-র আরও চার কর্মকর্তাকে আগামী ৫ই মার্চ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আর্জেন্টাইন ফুটবল মহলে ‘চিকি’ তাপিয়া নামে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ২০২৪ ও ২০২৫ সালের প্রায় ১৯ বিলিয়ন পেসো বা ১২.৮ মিলিয়ন ডলারের সামাজিক নিরাপত্তা কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি বা আরকা এই অভিযোগ সামনে এনেছে। বিচারক আমারান্তে মনে করছেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় এবং আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই এই কর্মকর্তাদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

তদন্তাধীন এই তালিকায় কোষাধ্যক্ষ পাবলো তভিগিনো এবং সাধারণ সম্পাদক ক্রিস্টিয়ান মালাসপিনার মতো প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন। আদালতের এই নির্দেশ বহাল থাকলে আগামী ২৭শে মার্চ কাতারে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতিক্ষীত ‘ফিনালিসিমা’ ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না ফুটবল প্রধান তাপিয়া। তবে এই বিষয়ে এখন পর্যন্ত এএফএ বা অভিযুক্ত কোনো কর্মকর্তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top