ফুটবল বিশ্বে বর্ণবিদ্বেষের কালো মেঘ সরাতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির বর্ণবিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্রীড়ামহল।
চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে দেখা গিয়েছিল, জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়াসের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করছেন প্রেসতিয়ান্নি, যাতে ক্যামেরায় তার কথা ধরা না পড়ে। এই চাতুরি রুখতেই এবার ‘প্রেসতিয়ান্নি আইন’ আনার তোড়জোড় শুরু করেছে ফিফা। সাধারণত ফুটবলাররা নিজেদের কৌশল গোপন রাখতে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন, কিন্তু সেই সুযোগ নিয়ে বর্ণবিদ্বেষ ছড়ানো হলে তা এখন থেকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।
ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’ ইতিমধ্যেই এই নতুন আইন নিয়ে আলোচনা শুরু করেছে এবং তারা কড়া শাস্তির পক্ষেই মত দিয়েছে। রিয়াল মাদ্রিদ এই ঘটনার সপক্ষে উয়েফার কাছে একাধিক প্রমাণ জমা দিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট করেছেন যে, ফুটবল বা সমাজ—কোথাওই বর্ণবিদ্বেষের কোনো জায়গা নেই। দোষী সাব্যস্ত হলে ফুটবলারদের বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফিফা।
