আসছে পাকিস্তান, তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

দীর্ঘ তিন মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের বাইরে থাকলেও এবার ফেরার অপেক্ষা ফুরাচ্ছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, আগামী ১১ মার্চ থেকে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণে ভারত সফরে যায়নি লিটন দাসের দল। ফলে এই সিরিজটিই হতে যাচ্ছে দীর্ঘ বিরতির পর টাইগারদের প্রথম মাঠের লড়াই। বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে। এরপর ১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ।

এই সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির, যা বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। মিরপুরের সব খেলা শেষে পাকিস্তান দল ১৬ মার্চ ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে শুরু হচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার মিশন। র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে শীর্ষ নয় দলের মধ্যে থাকতে হবে। সেই লক্ষ্য পূরণে এ বছর বাংলাদেশ সব মিলিয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top