তবুও নেইমারেই আস্থা?

সান্তোস কোচ হুয়ান পাবলো ভোজভোদা নেইমারের ওপর তাঁর অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। গত রবিবার কাম্পিওনাতো পাউলিস্তার কোয়ার্টার ফাইনালে নভোরিজন্তিনোর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সান্তোস।

সেই ম্যাচে নেইমারের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠলেও কোচ মনে করেন, খুব শীঘ্রই এই ব্রাজিলীয় ফরোয়ার্ড তাঁর চেনা ছন্দে ফিরবেন।

গত ডিসেম্বরে বাঁ-হাঁটুতে হওয়া অস্ত্রোপচারের পর এটি ছিল নেইমারের দ্বিতীয় ম্যাচ। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও রক্ষণের একটি ভুল এবং আক্রমণভাগে প্রত্যাশিত ধার দেখাতে না পারায় সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাঁকে।

তবে ম্যাচ শেষে ভোজভোদা নেইমারের ইতিবাচক দিকগুলোই তুলে ধরেন। তিনি জানান, নেইমার বর্তমানে শারীরিকভাবে দারুণ অবস্থায় আছেন এবং নিয়মিত সব অনুশীলন সেশন সফলভাবে সম্পন্ন করছেন। চলতি বছরে এই প্রথম তিনি পুরো ম্যাচ খেলার ধকল সামলেছেন, যা তাঁর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার পথে বড় একটি ধাপ।
কোচ জোর দিয়ে বলেন যে, নেইমারের খেলায় বিবর্তন আসা কেবল সময়ের ব্যাপার এবং একজন খেলোয়াড় হিসেবে তাঁর ওপর কোচের পূর্ণ বিশ্বাস রয়েছে। ভোজভোদা মনে করেন, নেইমারের উপস্থিতি দলের অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং সান্তোস ও জাতীয় দলের হয়ে নিজের লক্ষ্য অর্জনে নেইমার নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।

৩৪ বছর বয়সী এই তারকা গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে বড় ভূমিকা রেখেছিলেন। বর্তমানে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাঁর মূল লক্ষ্য আগামী বিশ্বকাপের দলে নিজের জায়গা নিশ্চিত করা। ২০২৩ সালের অক্টোবর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকলেও, আসন্ন বিশ্বকাপের আগে নেইমারের এই প্রত্যাবর্তন ভক্তদের মনে আশার আলো জাগাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top