বিশ্বকাপে জার্সি বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন মেসি

কাতার বিশ্বকাপের সেই বহুল আলোচিত জার্সি বিতর্ক নিয়ে দীর্ঘ সময় পর মুখ খুললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। মেক্সিকান বক্সিং কিংবদন্তি সল ‘কানেলো’ আলভারেজের সাথে তৈরি হওয়া সেই তিক্ত ভুল বোঝাবুঝির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি টাইগার্স ইউএএনএল-এর আর্জেন্টাইন গোলরক্ষক নাহুয়েল গুজমানের পডকাস্ট ‘মিরো দে আত্রাস’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেসি এই বিষয়ে বিস্তারিত কথা বলেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সেই আলাপচারিতায় মেসি জানান, পুরো বিষয়টি ছিল নিছক একটি ভুল বোঝাবুঝি এবং ফুটবলীয় সংস্কৃতির বাইরে এটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা যায়, মেক্সিকান তারকা আন্দ্রেস গুয়ার্দাদোর সাথে বিনিময় করা একটি জার্সি মেসির পায়ের কাছে মেঝেতে পড়ে আছে। ভিডিওটি দেখে ক্ষুব্ধ কানেলো আলভারেজ অভিযোগ করেছিলেন, মেসি মেক্সিকোর জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করছেন এবং মেক্সিকানদের অপমান করছেন। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রীতিমতো ঝড় তুলেছিলেন এই বক্সার।

পডকাস্টে অত্যন্ত শান্ত ভঙ্গিতে মেসি বলেন, যারা ফুটবল খেলেন এবং ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে জানেন, তারা বোঝেন যে এটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। ম্যাচ শেষে ঘামভেজা জার্সি মেঝেতে রাখা কোনো নতুন ঘটনা নয়। তিনি জানান, মেক্সিকোর প্রতি কোনো ধরনের অসম্মান দেখানোর উদ্দেশ্য তার ছিল না। বরং নিজের জার্সিও তিনি একইভাবে খুলে রেখেছিলেন। মেসির মতে, একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে অযথাই বড় বিতর্কের সৃষ্টি করা হয়েছিল যার সাথে বাস্তবতার কোনো মিল ছিল না।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top