কঠিন চ্যালেঞ্জে নেইমার: নাম দেখে বিশ্বকাপ দলে নেবেন না আনচেলত্তি, জানালেন লুলা

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। ঠিক এই মুহূর্তে ব্রাজিলের ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মহাতারকা নেইমার। সম্প্রতি ব্রাসিলিয়ার পালানালতো প্রাসাদে বিশ্বকাপ ট্রফি সফরের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা জাতীয় দলের আসন্ন পরিকল্পনা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে জায়গা পেতে হলে কেবল বড় নাম থাকলেই চলবে না, প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সে।

প্রেসিডেন্ট লুলা ইতালিয়ান কোচ আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, তিনি একজন অত্যন্ত গম্ভীর এবং বিচক্ষণ মানুষ। আনচেলত্তির সঙ্গে ব্যক্তিগত আলোচনার সূত্র ধরে লুলা জানান, কোচের মূল দর্শন হলো শতভাগ ফিটনেস। যারা কেবল অনুশীলনে ঘাম ঝরাবে এবং মাঠের লড়াইয়ে নিজেদের পূর্ণ প্রস্তুতি প্রমাণ করবে, তাদের জন্যই জাতীয় দলের দরজা খোলা থাকবে। কোচের এই কঠোর অবস্থানকে সমর্থন জানিয়ে লুলা আরও যোগ করেন, যখন একজন কোচ নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তখন খেলোয়াড়রাও তাদের দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন হন।

নেইমারের জন্য এই বার্তাটি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। সৌদি আরবের ক্লাব আল-হিলালে নিজের ছাপ রাখতে না পারার পর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। সান্তোসের হয়ে গত কয়েক মাসে ২১টি ম্যাচে আটটি গোল করে তিনি ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও আনচেলত্তির বেঁধে দেওয়া মানদণ্ড ছোঁয়া তার জন্য বড় চ্যালেঞ্জ।

খোদ আনচেলত্তিও এর আগে সংবাদমাধ্যমে স্পষ্ট করেছিলেন যে, শুধু নেইমার নন, এমনকি ভিনিসুয়াসের মতো তারকাও যদি ৯০ শতাংশ ফিট থাকেন, তবে তিনি তার বদলে শতভাগ ফিট কোনো খেলোয়াড়কে বেছে নিতে দ্বিধা করবেন না। বর্তমান ব্রাজিল দলে এস্তেভাও বা রায়ানের মতো একঝাঁক তরুণ প্রতিভার উত্থান নেইমারের পথকে আরও সংকীর্ণ করে তুলছে।

মে মাসের শেষের দিকে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচগুলোই হবে নেইমারের শেষ সুযোগ। মরক্কোর বিপক্ষে ১৩ জুন বিশ্বকাপ মিশন শুরু করার আগে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কি না, তা এখন পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক সক্ষমতা এবং সাম্প্রতিক ফর্মের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top