আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে বড়সড় এক ধাক্কা খেলেন নেইমার জুনিয়র। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ঠিক আগে মার্চ উইন্ডোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পাননি ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে ছাড়াই আসন্ন ম্যাচগুলোর পরিকল্পনা সাজিয়েছেন। ফলে নেইমারের বিশ্বকাপ যাত্রা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল বলে মনে করা হচ্ছে।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে আছেন। মূলত এসিএল এবং মেনিসকাসের গুরুতর চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে বসিয়ে রেখেছিল। সম্প্রতি চোট কাটিয়ে তিনি সান্তোসের হয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে ফেরার পথে ফিটনেসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্চের শুরুতে তাকে প্রাথমিক তালিকায় রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়। জানা গেছে, ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই প্রীতি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না।
নেইমারের বাদ পড়ার পেছনে কেবল পুরনো চোট নয়, বরং তার বর্তমান শারীরিক অবস্থা এবং পেশির ক্লান্তি নিয়ে টিম ম্যানেজমেন্টের উদ্বেগ কাজ করেছে। বিশেষ করে ক্লাব ফুটবলে একটি ম্যাচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং কোচ আনচেলত্তি কিছুটা হতাশ বলে গুঞ্জন রয়েছে। তাদের মতে, বিশ্বকাপের মতো বড় আসরের আগে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয় সেলেসাওরা।
ব্রাজিলের হয়ে রেকর্ড গোল করা এই ফরোয়ার্ডকে ছাড়া প্রীতি ম্যাচগুলোতে দল কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার বিষয়। তবে এই বাদ পড়ার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে, নেইমারকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেতে হলে ঘরোয়া ফুটবলে নিজের ফিটনেস এবং সামর্থ্যের প্রমাণ নতুন করে দিতে হবে। ফুটবলপ্রেমীদের নজর এখন আনচেলত্তির পরবর্তী সিদ্ধান্তের দিকে, কারণ এই প্রীতি ম্যাচগুলোই হতে যাচ্ছে মেগা আসরের আগে খেলোয়াড় যাচাইয়ের শেষ বড় মঞ্চ। নেইমারের বিশ্বকাপ স্বপ্ন কি তবে এখানেই ফিকে হয়ে যাচ্ছে, নাকি নাটকীয় কোনো প্রত্যাবর্তন ঘটবে, তা সময়ই বলে দেবে।
সূত্র: মার্কা
