এশিয়ান গেমস মাতাবেন কারা?

এশিয়ান গেমসকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মারিয়া মান্দার মতো অভিজ্ঞ মুখগুলোর ওপর আস্থা রাখার পাশাপাশি স্কোয়াডে আনা হয়েছে কিছু পরিবর্তন। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা এবং সুরভী আকন্দ প্রীতি।

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় বসছে এশিয়ান গেমসের এবারের আসর। তবে নারী ফুটবল ইভেন্টের রোমাঞ্চ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকেই। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে সোমবার রাতে চীনের উদ্দেশে রওনা হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবেন ঋতুপর্ণারা। চীনের প্রস্তুতি পর্ব শেষেই সরাসরি জাপানের পথ ধরবে বাংলাদেশ দল।

চীন সফরের আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাস্তবসম্মত লক্ষ্যের কথাই তুলে ধরেন বাটলার। এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশাকে অতি-আশাবাদী উল্লেখ করে এই ইংলিশ কোচ জানান, তার দল এখন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, নিজেদের মান উন্নত করতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের চেয়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা বেশি প্রয়োজন। গুয়াংঝু এফসির মতো কৌশলগত ও শারীরিকভাবে শক্ত সামর্থ্যবান ক্লাবের বিপক্ষে এই ম্যাচগুলো মেয়েদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top