আসন্ন ফুচবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। তবে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার অনুপস্থিতি।
মাস দেড়েক আগেও জাতীয় দলের জার্সিতে মাঠে নামা এই মিডফিল্ডারকে ছাড়াই এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে ফরাসিরা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দল ঘোষণার পাশাপাশি কামাভিঙ্গাকে বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন কোচ। দেশম জানান, চোটের কারণে গত মৌসুমে মাঠের বাইরে থাকা এবং দলের বর্তমান কাঠামোর কথা বিবেচনা করেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। কামাভিঙ্গার জন্য দিনটি হতাশার হলেও তরুণ এই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ।
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে বেশ কয়েকবার চোটের কবলে পড়েছিলেন ২৩ বছর বয়সী কামাভিঙ্গা। সেই ধকল কাটিয়ে চলতি মৌসুমে ৪১টি ম্যাচ খেললেও শেষ পর্যন্ত কোচের মন গলাতে পারেননি তিনি। কামাভিঙ্গার পাশাপাশি দলে জায়গা হয়নি পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ে এবং টটেনহ্যামে ধারে খেলা ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানির। এছাড়া চোটের কারণে কপাল পুড়েছে লিভারপুল ফরোয়ার্ড উগো একিটিকের। বাদ পড়া বড় নামের তালিকায় আরও রয়েছেন ক্রিস্তোফা এনকুনকু ও কিংসলে কোমান। তবে পিএসজি থেকে সর্বোচ্চ পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন দেশমের এই স্কোয়াডে।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। কামাভিঙ্গাকে ছাড়াই কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে এবং এনগোলো কঁতেদের নিয়ে গড়া এই শক্তিশালী দলটির দিকে এখন তাকিয়ে ফুটবল বিশ্ব। রিয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার চুয়ামেনি এবং অভিজ্ঞ রাবিওদের কাঁধেই থাকছে মধ্যমাঠ সামলানোর মূল দায়িত্ব। দল ঘোষণার পরপরই কামাভিঙ্গার মতো প্রতিভাবান ফুটবলারকে বাইরে রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে অভিজ্ঞ দেশম নিজের পরিকল্পনায় অনড় থেকে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এক ভারসাম্যপূর্ণ দল নিয়েই উত্তর আমেরিকার বিমান ধরছেন।
