ধামাকা নিয়ে আসছেন শাকিরা

বিশ্বকাপ ফুটবল মানেই এখন যেন কলোম্বিয়ান সেনসেশন শাকিরা! আবারও ফুটবল মাঠ কাঁপাতে ফিরছেন এই লাতিন পপ সম্রাজ্ঞী। ২০২৬ বিশ্বকাপের আসর শুরু হতে যখন আর মাত্র কয়েকটা দিন বাকি, ঠিক তখনই এক মহানাটকীয় ঘোষণায় সারা বিশ্বকে চমকে দিলেন তিনি। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের সবুজ ঘাসে দাঁড়িয়ে শাকিরা উন্মোচন করলেন এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এর এক ঝলক।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ নিয়ে নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের সাথে সুর মেলাচ্ছেন শাকিরা। গানটির প্রতিটি ছত্রে ফুটে উঠেছে হার না মানা মানসিকতা আর সাহসের গল্প। বিশেষ করে ‘দাই দাই’ এবং ‘দালে আলে’; এই শব্দবন্ধের মাধ্যমে ফুটবল উন্মাদনাকে এক সুতোয় গেঁথেছেন তিনি, যার অর্থ একটাই; এগিয়ে চলো!

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে পুরো পৃথিবীকে নাচিয়েছিলেন যে তারকা, এক যুগ পর আবারও সেই শাকিরার কণ্ঠেই শোনা যাবে ফুটবলের জয়গান। ভক্তদের আর তর সইছে না, কারণ আগামী ১৪ মে পূর্ণাঙ্গভাবে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত গানটি। আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই, কিন্তু তার আগেই শাকিরার এই সুরের মূর্ছনায় কাঁপছে ফুটবল ভক্তদের হৃদয়। ‘দাই দাই’ আমরা কি তবে প্রস্তুত ২০২৬-এর উন্মাদনার জন্য? শাকিরার ভাষায়, আমরা প্রস্তুত!

সূত্র: ডিডব্লিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top