আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন সুপারস্টার নেইমার জুনিয়র। দলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি ফিফা বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন। দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর নেইমারের এই অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই সেলেসাও ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে, আর সেখানে জায়গা করে নিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নেইমার।
ব্রাজিলীয় এই ফরোয়ার্ডের জন্য জাতীয় দলে ফেরার পথটা মোটেও সহজ ছিল না। কোচ আনচেলত্তি এর আগে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, কেবলমাত্র শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট খেলোয়াড়দেরই তিনি দলে বিবেচনা করবেন। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফিটনেস সমস্যার কারণে নেইমার বাদ পড়ায় ফুটবল বিশ্বে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। ক্লাবে ফেরার পর ১২ ম্যাচে ৫ গোল এবং ৩টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তারকা।
ব্রাজিলিয়ান লিগ ও কোপা সুদামেরিকানায় তার দুর্দান্ত পারফরম্যান্সই মূলত তাকে আবারও জাতীয় দলের রাডারে নিয়ে এসেছে।
নেইমারের এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন দলের সতীর্থরাও। রাফিনহার মতো বর্তমান তারকারা যেমন তাকে পুনরায় নেতৃত্বে দেখতে মুখিয়ে আছেন, তেমনি লিওনেল মেসির মতো কিংবদন্তিরাও মনে করেন যে নেইমারের উপস্থিতি আন্তর্জাতিক ফুটবলকে আরও উপভোগ্য করে তোলে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। যদি সব ঠিক থাকে এবং তিনি চূড়ান্ত দলে জায়গা পান, তবে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ। ক্যারিয়ারের সায়াহ্নে এসে এই বিশ্বকাপটি তার জন্য এবং পুরো ব্রাজিলের জন্য হেক্সা জয়ের স্বপ্ন পূরণের এক বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
