২০২৬ বিশ্বকাপের সেই নাটকীয় হারের ক্ষত এখনও তাজা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সেই স্মৃতি ভুলতেেনি সামুরাই ব্লুরা। তবে কয়েক মাসের ব্যবধানেই সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ চলে আসছে জাপানের সামনে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান।**
আয়োজকদের বরাতে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে, ১৩ থেকে ১৭ নভেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বসবে এই টুর্নামেন্টের আসর। এতে ব্রাজিল ও জাপান ছাড়াও অংশগ্রহণ করবে ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়ে এবং স্বাগতিক সিঙ্গাপুর। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ১৪ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে জাপান। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে। এরপর ১৪ নভেম্বর হবে জাপান-ব্রাজিল দ্বৈরথ। টুর্নামেন্টের শেষ দিন ১৭ নভেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল, আর দ্বিতীয় ম্যাচে জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
বিশ্বকাপে শেষ-৩২ পর্বের সেই ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছিল ব্রাজিল। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাটকীয় গোলেই জয় পেয়েছিল সেলেসাওরা। সেই বিষাদময় স্মৃতি কাটিয়ে উঠতে নভেম্বরের এই ম্যাচটিকে কেবল একটি প্রীতি ম্যাচ হিসেবে দেখছে না জাপানি সংবাদমাধ্যম ও সমর্থকরা; বরং এটিকে তারা দেখছে বিশ্বকাপের হতাশা ঘোচানোর সেরা সুযোগ হিসেবে।
অন্যদিকে, বিশ্বকাপের পর ব্রাজিলের ব্যস্ত সূচির অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে এই সিঙ্গাপুর সফর। সিঙ্গাপুরে যাওয়ার আগে সেলেসাওরা সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দুটি প্রীতি ম্যাচে, যেগুলো অনুষ্ঠিত হবে কুইন্সল্যান্ড ও ব্রিসবেনে। এরপর অক্টোবরের শুরুতে ভারতের কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। সব মিলিয়ে নভেম্বরে সিঙ্গাপুরের মাটিতে জাপান ও ব্রাজিলের রি-ম্যাচটি যে একটি আগুনে লড়াই হতে যাচ্ছে, তা বলায় যায়।
