messi

২০২৬ বিশ্বকাপের মহড়া, মার্চেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। শিরোপার প্রধান দুই দাবিদার আর্জেন্টিনা ও ব্রাজিল এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। মাঠের লড়াইয়ে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে আগামী মার্চ মাসের আন্তর্জাতিক বিরতিকেই বেছে নিয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিশ্বমঞ্চে নামার আগে ফুটবলপ্রেমীরা পেতে যাচ্ছেন বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপের আগেই আরেকটি শিরোপা ঘরে তোলার। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’। দক্ষিণ আমেরিকা সেরা আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২২ সালে যে মাঠে লিওনেল মেসি সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, সেই চেনা আঙিনাতেই আবারও ট্রফি জয়ের মিশনে নামবে আলবিসেলেস্তেরা। স্পেনের বিপক্ষে এই কঠিন পরীক্ষার রেশ কাটতে না কাটতেই ৩১ মার্চ কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তাদের ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপের আগে এটিই হতে যাচ্ছে মেসি-ডি মারিয়াদের শেষ প্রস্তুতি।

অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও হাত গুটিয়ে বসে নেই। কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা মার্চের এই বিরতিতে দুটি বড় ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ২৬ মার্চ ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে দিদিয়ের দেশমের শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই লড়াইয়ের পরেই ঘোষণা করা হবে তাদের চূড়ান্ত বিশ্বকাপ দল। একই স্পনসর হওয়ায় এই দুই ম্যাচেই ব্রাজিল তাদের বিশ্বকাপের নতুন জার্সি পরে মাঠে নামবে। ফ্রান্সের বিপক্ষে হলুদ এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নীল জার্সিতে দেখা যাবে ভিনিসিয়ুস-রদ্রিগোদের।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top