সিআর সেভেনের আবেগঘন বার্তা
ফুটবল মাঠের গোল আর রেকর্ডের রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার নিজের মানবিক ও পারিবারিক রূপটি মেলে ধরলেন। বিশেষ করে মা দিবসের এই দিনে তিনি নিজের জীবনের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী-মা মারিয়া ডলোরেস অ্যাভেইরো এবং জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করে বলেছেন, যারা সবসময় ছায়ার মতো পাশে থাকে, তাদের জন্য এই দিনটি উৎসর্গ করা। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি বিশেষ ছবি পোস্ট করেছেন তিনি। একটিতে দেখা যাচ্ছে পাঁচ সন্তানের সাথে জর্জিনার একটি পারিবারিক মুহূর্ত, আর অন্যটিতে রয়েছেন তার গর্ভধারিণী মা ডলোরেস।
রোনালদোর এই ছোট কিন্তু শক্তিশালী বার্তাটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই মা ডলোরেসের ত্যাগ ও সংগ্রামের কথা বিভিন্ন সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন রোনালদো। অন্যদিকে জর্জিনা রদ্রিগেজের সাথে তার দীর্ঘ দশ বছরের পথচলা এবং পরিবারের সন্তানদের লালন-পালনে জর্জিনার ভূমিকার কথাও তিনি বারবার অকপটে স্বীকার করেছেন। গত বছর অগাস্টে তাদের বাগদানের বিষয়টিও ছিল বেশ চর্চিত। বিশেষ করে ২০২২ সালে এক যমজ সন্তানকে হারানোর কঠিন সময়ে জর্জিনা যেভাবে পুরো পরিবারকে আগলে রেখেছিলেন, তা রোনালদোর জীবনে এক বড় শক্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে।
মাঠের বাইরে যখন পারিবারিক এই ভালোবাসার চিত্র ফুটে উঠছে, মাঠের ভেতরেও সময়টা বেশ উপভোগ করছেন এই মহাতারকা। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখন তিনি তার প্রথম শিরোপা জয়ের খুব কাছাকাছি রয়েছেন। বর্তমানে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর, যা তাদের প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে পরিষ্কার পাঁচ পয়েন্টের ব্যবধান গড়ে দিয়েছে। একদিকে পারিবারিক সুখ আর অন্যদিকে লিগ শিরোপার হাতছানি, সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন তার জীবনের এক সোনালী সময় পার করছেন।
সূত্র: মার্কা
