নেইমারের নতুন করে প্রমাণের কিছু নেই: কাসেমিরো

ব্রাজিলিয়ান ফুটবলের আকাশে এখন একটাই প্রশ্ন, সেলেসাওদের সেই চিরচেনা ১০ নম্বর জার্সিটা কি আবারও গায়ে জড়াবেন নেইমার জুনিয়র?

ঈশ্বর যার পায়ে ঢেলে দিয়েছেন অনন্য জাদু, সেই নেইমারকে নিয়ে এখন পুরো ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সব গুঞ্জন ছাপিয়ে এবার গর্জে উঠলেন নেইমারের দীর্ঘদিনের সতীর্থ এবং ব্রাজিলিয়ান মাঝমাঠের অতন্দ্র প্রহরী কাসেমিরো। সরাসরি জানিয়ে দিলেন, নেইমারের নতুন করে প্রমাণ করার আর কিছুই নেই।

আসন্ন ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি, আর সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই চিরচেনা নাম; নেইমার। গত বছরের সেই ভয়াবহ ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি, করেছেন ১৫টি গোলও। তবুও জাতীয় দলের জার্সিটা যেন এখনও তার জন্য সোনার হরিণ হয়ে আছে।

কাসেমিরো অত্যন্ত বিরক্তির সাথেই ইএসপিএনকে জানিয়েছেন, নেইমারের মান নিয়ে প্রশ্ন তোলাটা নিছক বোকামি ছাড়া আর কিছু নয়। ১২ বছর বয়স থেকে যার সাথে খেলেছেন, সেই বন্ধুর সামর্থ্য নিয়ে এক বিন্দু সন্দেহ নেই তার।

কাসেমিরোর স্পষ্ট কথা, আনচেলত্তি যদি নেইমারকে বেঞ্চে বসে থাকার প্রস্তাবও দেন, নেইমার হাসিমুখে তা গ্রহণ করবেন শুধু দেশের টানে।

তবে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে নেইমারের ফিটনেস। কোচ আনচেলত্তিও বারবার ইঙ্গিত দিয়েছেন, কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে বিশ্বকাপের টিকিট।

গ্রুপ পর্বে মরক্কো, হাইতি আর স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে ব্রাজিল ভক্তদের একটাই প্রার্থনা, ঘরের ছেলে ঘরে ফিরুক। আনচেলত্তির অভিজ্ঞ মস্তিষ্ক আর নেইমারের পায়ের জাদু কি শেষ পর্যন্ত এক সুতোয় মিলবে? উত্তর মিলবে চলতি মাসেই, যখন ঘোষিত হবে বিশ্বকাপের চূড়ান্ত দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top