সান্তোস ভক্তদের হৃদস্পন্দন যেন থমকে গিয়েছিল গত কয়েকদিনে! যে নেইমারকে ঘিরে ক্লাবের স্বপ্ন, সেই নেইমারই কি না মেজাজ হারিয়ে চড় বসিয়ে দিলেন উত্তরসূরি রবিনহো জুনিয়রের গালে?
অনুশীলনের ঘাম যখন বারুদে রূপ নিল, তখন ফুটবল বিশ্ব দেখল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ১৮ বছরের তরুণ রবিনহো জুনিয়র, যার চোখে নেইমার শৈশবের নায়ক, তার গালে যখন নিজের আইডলের হাত উঠল, তখন ভক্তদের মনে জাগল হাজারো প্রশ্ন। তবে নাটকীয়তা সেখানেই শেষ হয়নি; জল গড়িয়েছিল অনেক দূর। অপমানে আর অভিমানে রবিনহো জুনিয়র ও তার এজেন্ট ক্লাব ছাড়ার জন্য চুক্তিবাতিলের আবেদন পর্যন্ত করে বসেছিলেন।
কিন্তু মঙ্গলবার রাতে প্যারাগুয়ের মাঠে দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে কোপা সুদামেরিকানার লড়াই যেন সব মেঘ উড়িয়ে দিল। ৪০ মিনিটে গোল করে যখন নেইমার উল্লাসে মাতলেন, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। নিজের গোলটি তিনি উদযাপন করলেন সেই রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরে। এমনকি মজার ছলে রবিনহোর গালে আলতো টোকা দিয়ে বুঝিয়ে দিলেন, পুরনো সব তিক্ততা এখন অতীত।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে নেইমার বুক চিতিয়ে স্বীকার করে নিলেন নিজের ভুল। তিনি স্পষ্ট জানালেন, মেজাজ হারিয়ে তিনি বড় ভুল করেছিলেন এবং ইতিমধ্যে রবিনহো ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ভাইয়ের মতো ঝগড়া হলেও ড্রেসিংরুমের কথা বাইরে আসায় কিছুটা বিরক্তও দেখাল এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে।
অন্যদিকে, রবিনহো জুনিয়রও বড় মনের পরিচয় দিয়েছেন। শৈশবের হিরোর দেওয়া উপহার এখনো আগলে রাখা এই তরুণ নিশ্চিত করেছেন, আবেগের বশে নেওয়া ক্লাব ছাড়ার সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করছেন এবং ২০৩১ সাল পর্যন্ত সান্তোসেই থাকছেন।
সূত্র: গোল ডটকম
